অনাবাদি জমিতে ওসির সবজি চাষ
ওসি বখতিয়ার উদ্দিনের ফসলের মাঠ- সমকাল
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০ | ১১:২১
কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী যোগদান করেন চলতি বছরের জানুয়ারিতে। এর কয়েক মাস পরই দেশে শুরু হয় করোনার প্রাদুর্ভাব। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের মানুষকে নির্দেশনা দেন অনাবাদি জমিকে চাষাবাদের জন্য। সে সময় নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ারও উদ্যোগ দেন চাষাবাদের।
ওসি বখতিয়ার চাষাবাদের জন্য বেছে নেন তার থানা কমপ্লেক্সের ভেতর এলাকার দীর্ঘদিন পরিত্যক্ত হিসেবে পড়ে থাকা একটি জমিকে। পরে উদ্যোগ নিয়ে লতাপাতায় ভরা ১২০ শতকের ওই জমিটি পরিস্কার করান তিনি। পুলিশ সদস্যদের নিয়ে শুরু করে শাকসবজিসহ বিভিন্ন ফসলের চাষাবাদ। প্রথমে কয়েক দফা বীজ বপন করা হলেও অতিবৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ার কারণে ফসল পাননি তিনি। কিন্তু হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যান। বর্তমানে ওই পরিত্যক্ত জমি শাকসবজিতে ভরপুর। এসব শাকসবজি দিয়ে থানায় কর্মরত পুলিশ সদস্যদের চাহিদা মিটছে। পাশাপাশি দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয়দের। অন্য পুলিশ সদস্যদের সঙ্গে ওসি নিজেও ক্ষেত পরিচর্যা করছেন নিয়মিত। আর এসব সবজি উৎপাদিত হচ্ছে সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে।
ওই পরিত্যক্ত জমিতে লাউ, বেগুন, মিষ্টিকুমড়া, পালংশাক, লালশাক, পেঁয়াজ, মরিচ, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শালগম, মুলা, ধনেপাতাসহ ২০ ধরনের শাকসবজির চাষ করা হয়েছে। ফলনও হয়েছে ভালো।
ওই মাঠে ফসলের পরিচর্যা করছেন ওসি বখতিয়ার। ফসলের মাঠের বিভিন্ন দিকে লাগানো হয়েছে ফলের গাছও। থানার মূল ফটক দিয়ে প্রবেশের দুই পাশে লাগানো হয়েছে বাহারি রঙের ফুলগাছ। পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকে।
ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী করোনাকালীন সময়ে নির্দেশনা দিয়েছেন, কোনো জায়গা পরিত্যক্ত থাকতে পারবে না। এরপর চিন্তা করলাম, আমাদেরও কিছু করা দরকার। সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি। প্রথমে ওই জমি থেকে পুলিশ সদস্যদের নিয়ে লতাপাতা-জঙ্গল পরিস্কার করেছি। এরপর শুরু করি চাষাবাদ। প্রথমে ফলন না হলেও এখন শাকসবজির বাম্পার ফলন হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা এখন বিষমুক্ত শাকসবজি খেতে পারছেন। পাশাপাশি থানায় আসা অনেকেই এখান থেকে সবজি নিচ্ছেন। এ চাষাবাদ অব্যাহত থাকবে।
- বিষয় :
- কুমিল্লা
- ওসি
- নাঙ্গলকোট থানা
- সবজি চাষ
