ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ভৈরবে নিজ বাসায় রেলওয়ে কর্মচারী খুন

ভৈরবে নিজ বাসায় রেলওয়ে কর্মচারী খুন
×

মাহবুবুর রহমান - সমকাল

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০৩:৫২ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ | ০৩:৫৬

কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুবুর রহমান নামে এক রেলওয়ে কর্মচারী খুন হয়েছেন।

পৌর শহরের চণ্ডিব এলাকার আইভি রহমান পাড়ায় বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী রোকসানা বেগমও আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, মাহবুবুর রহমান রেলওয়ে বিভাগের একটি ওয়ার্কশপে চাকরি করতেন। তিনি সাপ্তাহিক ছুটিতে প্রতি বৃহস্পতিবার বাড়িতে আসতেন। কিন্তু এ সপ্তাহে এক দিন আগেই অর্থাৎ বুধবার রাতে বাড়িতে আসেন। তিন সন্তান নিয়ে রাতে খাবার শেষে তিনি ঘুমাতে যান। রাত সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে মাহবুবুর রহমানকে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। ভোরে এলাকাবাসী নিহতের রক্তাক্ত মরদেহ খাটের উপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। 

হত্যাকাণ্ডের ঘটনাটিকে রহস্যজনক মনে করছেন নিহতের স্বজনরা। 

তবে রোকসানা বেগমের দাবি, গভীর রাতে তাদের বাসায় ডাকাতদল হানা দেয়। পরে ডাকাতরা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী দু’জনকে ছুরিকাঘাত করে। এতে তার স্বামী নিহত হন। এছাড়াও ডাকাতরা বাসা থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা নিয়ে যায়। 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন জানান,বাসায় কোনো ডাকাতির আলামত পাওয়া যায়নি।

ঘটনাটি  রহস্যজনক হওয়ায় নিহতের স্ত্রীকে নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×