ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মশারির মধ্যে মশারি খাটাবেন না: ওবায়দুল কাদের

মশারির মধ্যে মশারি খাটাবেন না: ওবায়দুল কাদের
×

বৃহস্পতিবার কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ওবায়দুল কাদের-সমকাল

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০৫:২৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ | ০৮:১০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, মশারির মধ্যে মশারি খাটাবেন না; ঘরের মধ্যে ঘর তৈরি করবেন না। যারা দলের দুঃসময়ের নেতা-কর্মী, তাদের দলে জায়গা করে দিতে হবে। আরা যারা সুবিধাবাদী, অনুপ্রবেশকারী; তাদের বের করে দিতে হবে। তাই সচেতন হোন। 

বৃহস্পতিবার কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আর আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। তারা চক্রান্তের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, র‌্যাব-পুলিশ নয়; বিএনপি ধ্বংসের জন্য তাদের আত্মবিনাশী ও নেতিবাচক রাজনীতিই দায়ী। সবকিছুতে ব্যর্থ হয়ে দলটির নেতারা এখন নালিশ নিয়ে ব্যস্ত। বিএনপি আজ বাংলাদেশ নালিশ পার্টি। তারা প্রেস কনফারেন্সে নালিশ করেন, বিদেশিদের কাছেও নালিশ করেন। বিএনপির ষড়যন্ত্র রুখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আরও শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলে শেখ হাসিনার শুদ্ধি অভিযান বেগবান ও সফল করতে হবে।

দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলীকে আবার একই দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া সহসভাপতি হিসেবে রবিউল ইসলাম, জাহিদ হোসেন জাফর ও যুগ্ম সম্পাদক পদে স্বপন কুমার ঘোষকে দায়িত্ব দেওয়া হয়। তারাও আগের কমিটিতে একই পদে ছিলেন।

সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কামাল হোসেন, পারভিন জামান কল্পনা, বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, কুষ্টিয়া-১ আসনের এমপি আ কা ম সরওয়ার জাহান বাদশা ও কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জ।

আরও পড়ুন

×