৭ মার্চ পুলিশ আয়োজিত অনুষ্ঠানে হিন্দি গানে নাচানাচি
ছবি: ভিডিও থেকে নেওয়া
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২১ | ০৮:৫০ | আপডেট: ০৯ মার্চ ২০২১ | ০৮:৫৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপন অনুষ্ঠানে হিন্দি গান ও অশালীন নৃত্য পরিবেশনার অভিযোগ উঠেছে। সেই নাচ গানের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত ৭ মার্চ রাতে রাণীশংকৈল থানা প্রাঙ্গণে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে বাংলা গানের পাশাপাশি বিভিন্ন হিন্দি গানে নাচেন দুই-তিনজন নারী। এরপর ডিজে ধরনের হিন্দি গানে ওই নারীদের সঙ্গে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদেরও নাচতে দেখা যায়।

জানা যায়, গত রোববার পুলিশের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার হোসেন মুন্না। তবে হিন্দি গান ও নৃত্য চলাকালে অতিথিদের কেউ অনুষ্ঠানস্থলে ছিলেন না। ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হলেও তারা বর্জন করেন।
এ ব্যাপারে জানতে চাইলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল সমকালকে বলেন, ‘৭ মার্চ উপলক্ষে থানায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষের দিকে স্থানীয় ছেলেরা মঞ্চে একটু নাচানাচি করেছে। তবে অশালীন কোনো নাচ-গান হয়নি।’
