খোকসায় আ'লীগের দু’পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি -সমকাল
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০২:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০৩:৪৪
কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ সময় দুই পক্ষের সমর্থকদের ৮টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে শুক্রবার রাতে ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি আনিসুর রহমানের লোকেরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এই হামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সমর্থক হাবিব মোল্লা আহত হন। এ সময় হামলা চালিয়ে আতিয়ার ও আলীমের বাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার সূত্র ধরে শনিবার সকালে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শহিদুল, মাসুম ও শাহিদা খাতুন গুলিবিদ্ধ হন। সংঘর্ষ চলাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খানের অনুসারী ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষক লীগের সভাপতি আনিসুর রহমানের বাড়িসহ তার কর্মী-সমর্থকদের ৬টি বাড়ি ভাঙচুর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শহিদুল জানান, ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমানের লোকজন তাদের ওপর হামলা করে। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
উপজেলা কৃষক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, নির্বাচনের পর থেকে প্রতিপক্ষের সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম ডাবলুর লোকেরা তাকে (আনিসুর রহমান চেয়ারম্যান) হত্যা করার জন্য একাধিক বার হামলা চালিয়েছে।
সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম ডাবলু বলেন, দীর্ঘদিন থেকে তিনি ঢাকায় কর্মস্থলে রয়েছেন। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তবে বর্তমান চেয়ারম্যান অনেক ভূমিহীনের ঘর-বাড়ি ভেঙেছিলেন। এসব তারই প্রতিফলন।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন জানান, তাদের কাছে শহিদুল নামে একজন গুলিবিদ্ধ রোগী এসেছিলেন। তাকে রেফার্ড করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত খোকসা থানার ওসি (তদন্ত) ইদ্রিস জানান, দু’পক্ষের সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে পুলিশ আসার পর থেকে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
- বিষয় :
- কুষ্টিয়া
- আওয়ামী লীগ
- দু’পক্ষের সংঘর্ষ