ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

'জামায়াতের কারণে বিএনপি আজ জনগণের আস্থা হারিয়ে ফেলেছে'

'জামায়াতের কারণে বিএনপি আজ জনগণের আস্থা হারিয়ে ফেলেছে'
×

সম্মেলনে বক্তব্য দেন শাহরিয়ার কবির- সমকাল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৩:১১ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০৩:৪১

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, বিএনপি-জামায়াতের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আমরা ২০০১ সালে বিএনপি-জামায়াত জোটের গণতন্ত্র দেখেছি। সেই সময় বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে তাদের কর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়সহ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে হত্যা-নির্যাতন করেছে। জামায়াতের কারণে আজ বিএনপি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের উদীচী কার্যালয় প্রাঙ্গণে জেলা নির্মূল কমিটির নারী, ছাত্র ও আইনজীবী ফ্রন্টের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন- এ কথা উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, 'বর্তমানে সংসদ ও রাজপথে শক্তিশালী বিরোধী দল নেই। নির্মূল কমিটি বিরোধী দলের ভূমিকা পালন করছে। সরকারের ভালো কাজে যেমন প্রশংসা করি, তেমনি ভালো কাজ না করলে তারও সমালোচনা করি। আওয়ামী লীগের অনেক নেতা-এমপি-মন্ত্রী এটা পছন্দ করেন না।'

তিনি বলেন, জামায়াতের রাজনীতি দেশে থাকবে, আর দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে- এটা ভাবার কোনো সুযোগ নেই। জঙ্গিবাদের কারখানা নির্মূল করে জঙ্গিবাদের প্রশয়দাতা ও মদদদাতাদের বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে জামায়াতের রাজনীতি বন্ধ করতে হবে।

নারী নেত্রী লক্ষ্মী চ্যাটার্জির সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার তুরিন আফরোজ, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসাইন, অধ্যক্ষ উর্মিলা রায় প্রমুখ।

আরও পড়ুন

×