রাতের খাবার খেয়ে মৃত্যু স্কুলছাত্রীর, অসুস্থ মা-বোন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৪:৪১ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০৫:৩০
সিরাজগঞ্জের বেলকুচিতে রাতের খাবার খেয়ে তাৎক্ষণিক এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে; অসুস্থ হয়ে পড়েছেন তার মা ও বোনও।
শুক্রবার রাতে উপজেলার ধুকুরিয়া ইউনিয়নের কলাগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মীম খাতুন (১২) কলাগাছির আব্দুল মান্নানের মেয়ে। সে স্থানীয় দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
এ ঘটনায় গুরুতর অসুস্থরা হলেন- মীমের মা রাবেয়া খাতুন ও বড় বোন রোজী খাতুন। তাদের এনায়েতপুর খাজা ইউনুস আলী (র:) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে মা-বোনসহ মীম হঠাৎ করে গুরতর অসুস্থ হয়ে পড়ে। মীম তাৎক্ষণিকভাবে মারা যায়। বোন ও মাকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ায় এ ধরনের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় মীমের বাবা থানায় অপমৃত্যুর মামলা করেছেন। ভিসেরা পরীক্ষার জন্য শনিবার সকালে মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।