হবিগঞ্জে বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা উদ্ধার
হবিগঞ্জ শহর থেকে বিরল প্রজাতির একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করা হয়- সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৭:৪০
হবিগঞ্জ শহর থেকে বিরল প্রজাতির একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের পুরাণ মুন্সেফী রোড এলাকা থেকে একে উদ্ধার করা হয়। পরে পেঁচাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এদিকে, এমন খবর শুনে আশপাশের এলাকার লোকজন পেঁচাটি দেখতে সেখানে ভীড় জমায়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, শহরের পুরাণ মুন্সেফী সড়কে কয়েকজন শিশু-কিশোর পেঁচাটিকে ধাওয়া দিলে সেটি ওই সড়কের 'সারা ফ্যাশন' নামে একটা দোকানের ভেতর আশ্রয় নেয়। বিষয়টি তিনি অবগত হয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। পরে বন বিভাগের একটি প্রতিনিধি দল এসে পেঁচাটি নিয়ে যায়।
তিনি আরও জানান, লক্ষ্মী পেঁচা দেখতে খুবই আর্কষণীয়। এরা গাছের কোটরে, বন-জঙ্গল, দালানের ফাঁকফোকর কিংবা গাছগাছালির ঘনপাতার আড়ালে লুকিয়ে থাকে। নির্বিচারে বৃক্ষ উজাড়, জমিতে বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, শিকারিদের দৌরাত্ম্য, খাদ্যের অভাব এমন অনেক কারণে প্রকৃতি থেকে এ প্রজাতির পেঁচার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জের সহ-সভাপতি ডা. এস এস আল আমিন সুমন, বাপা সদস্য ডা. আলী আহসান চৌধুরী পিন্টু, সারা ফ্যাশনের স্বত্বাধিকারী চৌধুরী মুরাদ ইবনে সালাম, ফরেস্ট রেঞ্জার রায়হান মাহমুদ, হিসাবরক্ষক রূপক দেবনাথ, অফিস সহকারি তাপস ভর ও রাসেন্দ্র অধিকারী।
- বিষয় :
- বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা
- উদ্ধার
- হবিগঞ্জ