বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল - ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৯:২৯
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সন্ত্রাস, মাদক, দুর্নীতিতে জড়িয়ে পড়া যুবলীগের কোনো নেতাকর্মীর নীতি হতে পারে না। একটা দেশ গড়ে তুলতে হলে সবচেয়ে বড় প্রয়োজন যুব সমাজের মেধা, শক্তি ও তাদের মননকে কাজে লাগানো। তাই সবসময় আমাদের মনে রাখতে হবে সততাই বড় শক্তি। যুবলীগ নেতাদের বঙ্গবন্ধুর নীতি ও ত্যাগের আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী যুবলীগ নেতাদের ত্যাগের মন্ত্রে দীক্ষিত হওয়ার পাশাপাশি বিপথে গেলে তার কঠোর অবস্থানের কথাও সবাইকে জানিয়ে দিয়েছেন।
শনিবার কুমিল্ল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সমাবেশে প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখন পৃথিবীতে বিরাজ করছে তথাকথিত বাণিজ্যযুদ্ধ। এই বাণিজ্যযুদ্ধের প্রভাবে সারাবিশ্বের অর্থনীতিতে নিম্নমুখিতা দেখা দিয়েছে। এতে চীনের প্রবৃদ্ধি ১৪ শতাংশ থেকে ৭ শতাংশে নেমে গেছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।
লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ মোতালেবের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, লালমাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কল্যাণ মিত্র সিংহ রতন, লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার প্রমুখ।