ভাঙ্গায় বাসের ধাক্কায় ট্রাক চালক নিহত
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ১২:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ২১:৪৩
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক শহিদুল (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের লোহারদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক শহিদুল ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বহনকারী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়ে ছিল। ত্রুটি সারাতে ট্রাকের নিচে চালক কাজ করা অবস্থায় পেছন দিক থেকে আসা একটি বাস ট্রাকটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়।
ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বাস ও ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক।
এ দিকে ট্রাক চালক নিহতের খবর তার এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী শনিবার রাতে ভাঙ্গায় খুলনা-ঢাকা মহাসড়কে অবরোধ করেন। তারা চালককে গ্রেফতার করে বিচারের দাবি জানায়।
- বিষয় :
- ফরিদপুর