পার্বতীপুরে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ২২:৩৫ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০০:০১
দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের পর সাড়ে ৩ বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্য ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম আবিদা সুলতানা মীম। সে ওই গ্রামের আরিফুল ইসলামের একমাত্র মেয়ে।
শিশুটির মা নাসরিন জাহান জানান, শনিবার দুপুর ৩টার দিকে মীমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর বাধ্য হয়ে মাইকিং করা হয়। মাইকিং করাকালে প্রতিবেশী আমজাদ হোসেনও (১৯) অংশ নেয়। তবে তার আচরণ দেখে সন্দেহ জাগে সবার মনে। এ সময় মীমের খেলার সাথী ৫ বছর বয়সী জিয়াদ জানায়, মীমকে চকলেট দেওয়ার কথা বলে আমজাদ ডেকে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমজাদের বাড়িতে গেলে তার ঘর তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় গ্রামবাসীর চাপে আমজাদ চাবি আনার কথা বলে পালিয়ে যান। পরে পুলিশের উপস্থিতিতে তার ঘরে তল্লাশি চালিয়ে টেবিলের নিচ থেকে মীমের নিথর দেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, আমি ওই ছেলের ফাঁসি চাই। আর কোনো মায়ের কোল যেন এ ভাবে খালি না হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, অভিযুক্ত আমজাদ ওই গ্রামের সে আমিনুল ইসলামের ছেলে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তার চাচা শাহিনুর আলমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।