ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি নাগরিককে হয়রানির ঘটনায় এসআই ক্লোজড

বিদেশি নাগরিককে হয়রানির ঘটনায় এসআই ক্লোজড
×

এসআই শিশির কুমার বিশ্বাস- সমকাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৪ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৬:৪৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদেশি নাগরিককে হয়রানির ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার বিশ্বাসকে নোয়াখালী পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

ওই অভিযোগের ঘটনা তদন্তের পর প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হওয়ায় রোববার দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ক্লোজড করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সমকালে ‌‘নোয়াখালীতে হয়রানির শিকার বিদেশি নাগরিক, দুই এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জেলা পুলিশ সুপার একটি তদন্ত কমিটি গঠন করেন।

প্রকাশিত প্রতিবেদনে সম্প্রতি কোম্পানীগঞ্জে বসুর হাট শহরে বেড়াতে আসা আরব আমিরাতের নাগরিক আলী আহম্মেদ ও তার বাংলাদেশের দুই প্রবাসী কর্মীকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে টাকা ও বিমানের টিকেট হাতিয়ে নেওয়ার অভিযোগের প্রসঙ্গ উঠে আসে।

এসআই শিশির কুমার বিশ্বাসকে ক্লোজড করা হলেও আরেক অভিযুক্ত এসআই জাকির হোসেনের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহিম জানান, দুবাইয়ের নাগরিক মোহাম্মদ আলী ও তার কর্মী কোম্পানীগঞ্জের বাসিন্দা শহিদুল ইসলাম বাবলু ও ফাতেমা বেগম শনিবার তার কার্যালয়ে এসে মৌখিকভাবে জবানবন্দি ও লিখিত অভিযোগ দিয়ে গেছেন। পুলিশের বিরুদ্ধে বিদেশি নাগরিককে হয়রানির খবরটির প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এসআই শিশির কুমার বিশ্বাসকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। নোয়াখালী জেলা পুলিশের কোনও সদস্য কিংবা কর্মকর্তা কোনও প্রকার অনৈতিক ও পুলিশের শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত হলে তাকে শাস্তি পেতেই হবে।

আরও পড়ুন

×