ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা

দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ১০:৩৯

যৌন হয়রানিসহ নানা অপরাধ ঠেকাতে দূরপাল্লার বাসগুলোতে সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। ইতিমধ্যে বাস মালিক সমিতিগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। 

রোববার নগরের দামপাড়া সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আমেনা বেগম। চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার ঘটনায় গ্রেফতার আসামিদের নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এর আগে শনিবার রাতে নগরের চান্দগাঁও থেকে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- চট্টগ্রাম-কক্সবাজার রুটের সোহাগ এক্সপ্রেস লিমিটেডের সুপারভাইজার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং গ্রামের আলী আব্বাস, একই এলাকার চালক এহছান করিম ও সহকারী ফারুক রহমান ওরফে ভুট্টু। গত ২৭ নভেম্বর পটিয়া থেকে বহদ্দারহাট আসার সময় চলন্তবাসে যৌন হয়রানির শিকার হওয়ার বিষয়টি ফেসবুকে উল্লেখ করেন ওই ছাত্রী।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ দেখে গোয়েন্দা বিভাগকে আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন পুলিশ কমিশনার। সাইবার ক্রাইম টিম ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে বাসটি শনাক্ত করে। এরপর সুপারভাইজার, চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা রোধে দূরপাল্লার বাসগুলোতে সিসি ক্যামেরা লাগানোর জন্য মালিক সমিতিকে বলা হয়েছে। নগরের সড়কগুলোতে প্রায় ২৫০টি সিসি ক্যামেরা সক্রিয় আছে। এরপরও নারী যাত্রীদের প্রতি পরামর্শ থাকবে তারা যেন খালি বাসে না ওঠেন। বাস থেকে সব যাত্রী নেমে গেলে নারী যাত্রীরাও যেন নেমে যান।’

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন সমকালকে জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার কথা স্বীকার করেছেন। মূলত সুপারভাইজার আলী আব্বাসের নেতৃত্বে এ ঘটনা ঘটে। খালি বাসে ওই ছাত্রীকে একা পেয়ে চালককে গাড়ি না থামাতে নির্দেশ দেন আলী আব্বাস। তার সঙ্গে ওই ছাত্রীর ধস্তাধস্তিও হয়। পরে ওই ছাত্রীর চিৎকার চেঁচামেচিতে চান্দগাঁও থানার অদূরে তাকে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।’

আরও পড়ুন

×