সেই প্রতিবন্ধী ৪ বোনের পরিবার
গত ২৪ অক্টোবর সমকাল অনলাইনে প্রকাশিত প্রতিবেদন
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ১০:৪২ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ১১:০১
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী চার বোনের সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসক ও সমাজ সেবকরা।
পরিবারটি নিয়ে সমকাল অনলাইনে গত ২৪ অক্টোবর ‘প্রতিবন্ধী ৪ মেয়েকে নিয়ে বৃদ্ধ বাবার লড়াই’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও সমাজ সেবক ব্যক্তিদের নজরে আসে। এরপরই তারা সহায়তার হাত বাড়িয়ে দেন।
ওই চার বোনের বাবা হতদরিদ্র দিনমুজুর ইব্রাহিম আলী (৭০) তার মেয়েদের নিয়ে মানবেতর জীবনযাপন থেকে ফিরিয়ে আনতে রোববার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল সিদ্দিক ইব্রাহীমের হাতে ৪ লাখ টাকা মূল্যের একটি নতুন সিএনজিচালিত অটোরিকশার চাবি তুলে দেন।
এ ছাড়াও ইউএনও বিভিন্ন ব্যক্তির সহায়তায় প্রাপ্য আরো ৬২ হাজার টাকায় একটি বাছুরসহ গাভী কিনে দেন।

এর আগে ১২ নভেম্বর বিকেলে হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী দুই বোন শাবনুর ও পারভীনকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেন ইউএনও আশরাফুল সিদ্দিক। এ সময় প্রতিবন্ধী ৪ মেয়ের হতদরিদ্র নানী কুলসুম বেওয়াকেও একটি বয়ষ্ক ভাতার কার্ড দেন তিনি।
ইউএনও আশরাফুল সিদ্দিক বলেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি এই পরিবারটির সহায়তায় ৪ লাখ টাকা দান করেন। তার টাকায় এই অসহায় পরিবারকে স্বচ্ছলভাবে চলার জন্য সহায়তা প্রদানে একটি নতুন অটোরিকশা কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবন্ধী ৪ মেয়ের বাবা ইব্রাহিম মিয়া বলেন, আল্লাহর রহমতে এখন ভালোভাবে সংসার চলবে আশা করি।