নওগাঁয় শিশুকে ধর্ষণচেষ্টা মামলা করে ১০ দিন ধরে একঘরে পরিবার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ১১:২৮
নওগাঁর আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার মামলা করায় একটি পরিবারকে ১০ দিন ধরে একঘরে করে রেখেছে স্থানীয় সমাজপতিরা। গ্রামের কেউ তাদের সঙ্গে কথা বললে পাঁচ হাজার টাকা জরিমানারও বিধান করা হয়েছে। এ অবস্থায় ভুক্তভোগী সুমন চন্দ্র প্রামাণিকের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাহাগোলা ইউনিয়নের সুবর্ণকুণ্ডু গ্রামের সুমন চন্দ্র প্রামাণিকের শিশুকন্যাকে একই গ্রামের জগন্নাথ প্রামাণিকের ছেলে স্বপন কুমার গত ৩ সেপ্টেম্বর ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে স্বপন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রাম্য সালিশে স্বপনকে চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেয় সমাজপতিরা। বিষয়টি আত্রাই থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে স্বপনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে শিশুটির বাবা সুমন চন্দ্র বাদী হয়ে স্বপনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। স্বপন চন্দ্র প্রায় এক মাস হাজতবাসের পর জামিনে বের হয়ে এসে সমাজপতিদের সঙ্গে গোপনে আঁতাত করে। গত ২২ নভেম্বর সমাজপতি ক্ষিতিষ, গ্রাম পুলিশ নিরঞ্জন ও সুকুমার সালিশ বৈঠকে সুমনকে একঘরে করে রাখার রায় দেন। এমনকি ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ করে দেওয়াসহ সমাজের কেউ তার সঙ্গে চলাফেরা বা কথাবার্তা বললে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে বলেও রায়ে বলা হয়।
অভিযোগ প্রসঙ্গে ক্ষিতিষ চন্দ্র জানান, সুমনকে তারা একঘরে করে রাখেননি। তবে সমাজের লোকজন তার সঙ্গে কথা বলবে কি বলবে না সেটি তাদের ব্যাপার।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, সুমনের পরিবার থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নিয়ে আসেনি। কাউকে একঘরে করার বিধান নেই। খোঁজ নিয়ে দেখা হবে ঘটনাটি আসলে কী।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন মণ্ডল বলেন, এমন ঘটনা আমার জানা নেই। তবে বিষয়টি অবশ্যই আমি দেখব। ঘটনা সত্যি হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।