কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১১ লাখ টাকা লুট, গার্ডসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৭:৩২
কুমিল্লায় কৃষি ব্যাংকের ভল্টের তালা ভেঙে ১১ লক্ষাধিক টাকা লুট করার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার শাখায় এ ঘটনা ঘটে।জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যাংকের ২ গার্ড ও ১ পিয়নসহ ৩ জনকে আটক করেছে।
জানা গেছে, জনবহুল মিয়াবাজারের সালমান হায়দার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের মিয়াবাজার শাখা। ব্যাংকের ম্যানেজার সাকিব সালেহীন জানান, মঙ্গলবার ব্যাংকের কর্ম দিবস শেষে গার্ড শাহজাহানকে রেখে কর্মস্থল ত্যাগ করেন তিনি। রাত আটটার পর থেকে ব্যাংকটির পাহারার দায়িত্ব ছিলো গার্ড সেলিমের (৪৯) ওপর।
তিনি আরও জানান, বুধবার সকালে জানতে পারেন, ব্যাংকের উত্তরদিকের জানালা কেটে ও ব্যাংকের ভল্টের তালা ভেঙে টাকা লুট করে নেওয়া হয়েছে। ওই রাতে পাহারার দায়িত্বে থাকা পিমা লিমিটেডের গার্ড সেলিম জানান, আমি হার্টের রোগী। শারীরিক অসুস্থতার কারণে রাত ১০টার পর বাড়ি চলে যাই। সকালে ঝাড়ূদার রঞ্জিত ঝাড়ূ দিতে আসলে বিষয়টি জানাজানি হয়।
কৃষি ব্যাংক কুমিল্লা অঞ্চলের জিএম আমিনুল বাহার জানান, ব্যাংক থেকে ভল্টের তালা ভেঙে ১১লাখ ১৫ হাজার ২১৫ টাকা লুট হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যাংকটিতে ৬ জন কর্মকর্তা ১ জন কর্মচারী ও ২ জন গার্ড কর্মরত আছেন। ব্যাংকে কোনো সিসি ক্যামেরা নেই। সকালে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ডিবির এলআইসি টিম, চৌদ্দগ্রাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের দুই গার্ড শাহজাহান, সেলিম ও পিয়ন আবু তাহেরকে থানায় নেওয়া হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, ব্যাংকটিতে কোনও সিসি ক্যামেরা ছিলো না ও নিরাপত্তা ব্যবস্থাও ছিলো দূর্বল। ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। আশা করি দ্রুতই প্রকৃত ঘটনা উদঘাটন হবে ও অপরাধীরা ধরা পড়বে।
- বিষয় :
- কৃষি ব্যাংক
- কুমিল্লা
