নাগেশ্বরী সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি যুবক আবুল হাসেমের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ ও নারায়ণপুর ৫নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আবুল হাসেম নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া কালাইর চর গ্রামের আবু বক্করের ছেলে।
এর আগে মঙ্গলবার সকালে বিএসএফের গুলিতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন বিজিবির পাখিউড়া ক্যাম্পের নায়েক সুবেদার রবিউল ইসলাম।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে আবুল হাসেমসহ চার-পাঁচজনের একটি দল গরু আনার উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৩৯-এর পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তাল মারী এলাকার ২০০ গজ ভেতরে প্রবেশ করে। আসামের ধুবরী জেলার ৪১ বিএসএফের সয়তালমারী ক্যাম্পের সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হাসেম। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কচাকাটা থানার ওসি জানান, রংপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- বিএসএফের গুলি
- আহত যুবকের মৃত্যু
- নাগেশ্বরী
