নড়াইল হবে দেশের প্রথম মাদকমুক্ত জেলা: মাশরাফি
মাশরাফি বিন মর্তুজা- ফাইল ছবি
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৫
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, নড়াইলকে বাংলাদেশের মধ্যে প্রথম মাদকমুক্ত জেলা ঘোষণা করতে কাজ শুরু করেছি। যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে যা যা করা দরকার, প্রধানমন্ত্রী তাই করে যাচ্ছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে নড়াইলকে মাদকমুক্ত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ অচিরেই নড়াইল মাদকমুক্ত হবে। নড়াইলকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনও আন্তরিকভাবে কাজ করছে। তবে পুলিশ বা আমার একার পক্ষে এ ভালো কাজ করা সম্ভব নয়। তাই সবাইকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার রাতে নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী প্রাণ ড্রিংকিং কনসার্টে এসব কথা বলেন মাশরাফি।
'যুব সমাজই দেশের প্রান শক্তি' 'যুব সমাজ চললে সঠিক পথ' 'উন্নত হবে দেশের ভবিষ্যত' এই স্লোগান নিয়ে মাদক বিরোধী ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, প্রান বিভারেজ লিমিটেডের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান টুটুল, ব্রান্ড ম্যানেজার মো. আল আমিন সিকদার, নড়াইল জেলা মাদকবিরোধী ইনস্পেক্টর বিদ্যুৎ বিহারী নাগ প্রমুখ।
মাশরাফি যুবকদের উদ্দেশে বলেন, লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি সময়ের কাজ সময়ে করতে হবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনার সন্তান কি করছে খেয়াল রাখুন। তাহলেই মাদকমুক্ত থাকা যাবে।
কনসার্টে গান পরিবেশন করেন রেশমী মীর্জা, পুলক, পুতুল, এলিজা, হেমা এবং মীরাক্কেলখ্যাত পাভেল।
- বিষয় :
- মাশরাফি বিন মর্তুজা
- নড়াইল
