ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩২ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৮
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বিদ্যুৎস্পর্শে দুজন মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইকড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইব্রাহিম মাতুবব্বর (৪০) ও আল আমিন খান (৩০)। তারা দুজনেই পেশায় শ্রমিক ছিলেন।
ইব্রাহিম ইকড়ি গ্রামের মৃত ফেরেস্ত আলী মাতুব্বরের ছেলে এবং আল আমিন একই গ্রামের হারুন খানের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে এ দুই শ্রমিক হাফেজ মোস্তফার বাড়ির পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে যান। লোহার রড দিয়ে পুকুর থেকে কচুরিপানা তুলতে গিয়ে পল্লী বিদ্যুতের লাইনের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
তাৎক্ষণিকভাবে তাদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রঞ্জন কুমার বর্মণ মৃত ঘোষণা করেন।
ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, পল্লী বিদ্যুতের এ লাইনটি নিচু করে এলাকায় স্থাপন করায় এ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী অনতিবিলম্বে এ ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনটি নিরাপদ দূরত্বে স্থাপনের দাবি জানিয়েছে বলে জানান তিনি।
পিরোজপুরের পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম লিটন চন্দ্র দে জানান, বিষয়টি শুনেছি, তবে এ লাইনটি মঠবাড়িয়া উপজেলার সাফা এলাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এ লাইনটি মঠবাড়িয়া অফিসের নিয়ন্ত্রণে।
ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হচ্ছে।
- বিষয় :
- শ্রমিক
- বিদ্যুৎস্পৃষ্ট
