ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

গোমতীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গোমতীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫৭ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৪:২১

কুমিল্লা মুরাদনগর উপজেলার গোমতী নদীতে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের গোদারাঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত সাদ্দাম হোসেন চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার রহমতাবাদ গ্রামের মৃত জেবাল হকের ছেলে। তিনি ট্রলারের মাঝি ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, সোমবার রাতে জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গোদারাঘাটে নৌকা পারাপারের জন্য বেঁধে রাখা রশিতে আটকে চলন্ত ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন সাদ্দাম। ট্রলারে থাকা শ্রমিকরা অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। 

বুধবার মুরাদনগর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ চাঁদপুর থেকে ডুবুরি দল এনে উদ্ধার অভিযান চালিয়ে সাদ্দামের মরদেহ উদ্ধার করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নৌ দুর্ঘটনার মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×