ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে ইয়াবা ও পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক

টেকনাফে ইয়াবা ও পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক
×

ইয়াবা ও পিস্তলসহ আটক মোহাম্মদ আব্দুল মোতালেব ফরহাদ -সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪০

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ৬০ হাজার পিস ইয়াবা ও বিদেশী পিস্তলসহ মোহাম্মদ আব্দুল মোতালেব ফরহাদ (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছে থেকে দুই প্যাকেট মুগডালও পাওয়া যায়। 

বুধবার রাতে হ্নীলা ইউনিয়নের লেদা স্পোটিং ক্লাব থেকে তাকে আটক করা হয়। 

আটক ফরহাদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার মৃত আমির হোসনের ছেলে ও হ্নীলা ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রুবায়াৎ কবীর।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, হ্নীলা ইউনিয়নের লেদা স্পোটিং ক্লাবে ইয়াবার একটি বড় চালান মজুদের গোপন খবরে বিজিবির একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় এক ব্যক্তিকে ক্লাবের প্রবেশদ্বার তালাবদ্ধ করতে দেখে তাকে জিজ্ঞাসা করলে তিনি অসংলগ্ন উত্তর দেন। এতে তাকে সন্দেহ হলে শরীর তল্লাশিকালে কোমরে তাজা কার্তুজ, ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, পরে ক্লাবের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে কার্টুনের স্তুপ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় আটটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে এর মধ্যে ছয় প্যাকেটে ৬০ হাজার পিস ইয়াবা এবং অপর দুই প্যাকেট থেকে মুগডাল উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, ইতোমধ্যে খবর রয়েছে মিয়ানমার থেকে ইয়াবার চালানের ভেতরে করে অস্ত্রও আসছে। ফলে বিজিবি সীমান্তে টহল বৃদ্ধি করেছে। অপরাধী যে হোক, কাওকে ছাড় দেওয়া হবে না। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। উদ্ধার ইয়াবা ও অস্ত্রসহ আটক যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।

আরও পড়ুন

×