ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

কুমিল্লায় আঙুলের ছাপে ১০ মিনিটে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত

কুমিল্লায় আঙুলের ছাপে ১০ মিনিটে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৯:১০

কুমিল্লায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাত্র ১০ মিনিটে অজ্ঞাত যুবকের লাশের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা পিবিআই প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওসমান গণি জানান, প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়া যুবকের নাম মামুন মিয়া (৩০)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাতুইল গ্রামের মধ্যপাড়া এলাকার তাবির উদ্দিনের ছেলে। মামুন গ্রামে গ্রামে ঘুরে কাপড় বিক্রি করতেন।

পিবিআই জানায়, বুধবার সকালে জেলার সদর দক্ষিণ থানার বড়ধর্মপুর গ্রামে কাঁঠালগাছে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত যুবককে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পিবিআই এ খবর পায়। পরে পিবিআইর সদস্যরা ক্রাইম সিন টিম গঠন করে ঘটনাস্থলে যান ও ছায়া তদন্ত শুরু করেন। পরে আধুনিক প্রযুক্তিতে জাতীয় পরিচয়পত্র শনাক্ত করে এর সূত্র ধরে পাওয়া মোবাইল নম্বরে ফোন করে আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

×