ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

সাংবাদিককে মারধর: বগুড়ায় পল্লী বিদ্যুতের ৮ জনের বিরুদ্ধে মামলা

সাংবাদিককে মারধর: বগুড়ায় পল্লী বিদ্যুতের ৮ জনের বিরুদ্ধে মামলা
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৮

বগুড়ায় তথ্য নিতে যাওয়া সাংবাদিকদের মারধরের অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মকর্তাসহ ৮ কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মোহনা টিভির বগুড়া জেলা প্রতিনিধি আতিক রহমান বাদী হয়ে বৃহস্পতিবার শিবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মোকামতলা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ্‌ রেজ্জাকুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গোলাম রব্বানী এবং অজ্ঞাতপরিচয় আরও ৬ কর্মচারী। বিচারক আসমা মাহমুদা মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়াকে ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে বলা হয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির মোকামতলা অফিসের অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত খবর টিভিতে প্রচার হওয়ার পর আসামিরা ক্ষিপ্ত হন। এর পর থেকেই তারা নানাভাবে বাদীকে হুমকি দিতে থাকেন। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ভুয়া লাইসেন্স তৈরির মাধ্যমে একাধিক ব্যক্তিকে নিয়মবহির্ভূতভাবে অগভীর নলকূপ স্থাপনের অনুমতি এবং বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে মন্তব্য নিতে বাদীসহ তিন সাংবাদিক গত ২ ডিসেম্বর দুপুরে ওই অফিসে যান। এ সময় ডিজিএম শাহ্‌ রেজ্জাকুর রহমান তাদের দেখেই গালাগাল শুরু করেন। লাঞ্ছিতের প্রতিবাদ করলে আসামিরা লোহার রড দিয়ে সাংবাদিকদের পেটান। এ সময় ভুক্তভোগীদের সঙ্গে থাকা ভিডিও ক্যামেরাও ভাংচুর করা হয়।

শাহ্‌ রেজ্জাকুর অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার বাদী নিজেই সেচের জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার বেশ কয়েকটি আবেদন নিয়ে এসেছিলেন। আবেদনগুলো না রাখায় তিনি মিথ্যা অভিযোগ করেছেন।

আরও পড়ুন

×