টেকনাফে দুর্যোগের ঝুঁকি কমাতে স্থানীয়দের জন্য অর্থ সহায়তা
অ্যাকশনএইডের পক্ষে আর্থিক সহায়তার চেক তুলে দেন ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম -সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ১১:২৪
দুর্যোগ মোকাবেলায় কক্সবাজারের টেকনাফের ৪টি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আপদকালীন তহবিলে অর্থ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অ্যাকশনএইডের পক্ষে টেকনাফের ৪টি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিল ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতিসংঘের উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপির অর্থায়নে ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ (ডিআরআর) শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
সহায়তা হিসেবে হোয়্যাইকং, হ্নীলা, বাহারছড়া এবং টেকনাফ সদর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আপদকালীন তহবিলে ৪ লাখ ২১ হাজার ১২৫ টাকা করে সহায়তা দেওয়া হয়।
এর আগে ২৮ নভেম্বর উখিয়া উপজেলার রাজাপালং, রত্মাপালং ও পালংখালী ইউনিয়নেও এই অর্থ সহায়তা দেওয়া হয়। সব মিলিয়ে ৭ ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির আপদকালীন তহবিলে ২৯ লাখ ৪৭ হাজার ৮৭৫ টাকার সহায়তা দিয়েছে অ্যাকশনএইড।
দুর্যোগে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে অ্যাকশনএইডের নেওয়া এই উদ্যোগের প্রশংসা করে তহবিলের অর্থ ব্যায়ে কমিটির সদস্যের স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
- বিষয় :
- টেকনাফ
- রোহিঙ্গা
- অ্যাকশনএইড
