ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আবেদ উকিল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫৫ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৭:১২
গোপালগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবলীগ নেতা আবেদ উকিলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
আবেদ উকিল গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কলপুর গ্রামের জাহেদ উকিলের ছেলে।
এর আগে সকাল ফেসবুকে নানা অশালীন ও আপত্তিকর তথ্য ছড়িয়ে সুনাম ক্ষুণ্ন ও হেয় করার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস বাদি হয়ে আবেদ উকিল ও ওই ইউনিয়নের গান্ধিয়াশুর গ্রামের সহাদেব বিশ্বাসের ছেলে পবিত্র বিশ্বাসকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আবেদ উকিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। মামলার অপর আসামি পবিত্র বিশ্বাস পলাতক রয়েছেন।
মামলার বাদি সুকান্ত বিশ্বাস বলেন, আবেদ উকিল ও পবিত্র বিশ্বাস তাকে জড়িয়ে ফেসবুক মেসেঞ্জারে নানা অশালীন ও আপত্তিকর তথ্য ছড়িয়ে তার সুনাম ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করেছেন।
তিনি আরও বলেন, আবেদ উকিলের অত্যাচারে অতিষ্ঠ কলপুর গ্রামের মানুষ। তার ভয়ে বৌলতলী-ঘোনাপাড়া সড়ক রাতের বেলা নিরাপদ নয়। আবেদ উকিলের ছত্রছায়ায় চলছে মাদক ব্যবসা ও জুয়ার আড্ডা। বৌলতলী এলাকায় এমবিআর মধুমতি নদীতে মাছ ধরতে আসা জেলেদের কাছ থেকেও আবেদ উকিল নিয়মিত চাঁদা আদায় করেন। তার এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে ফেসবুকে নানা অশালীন ও আপত্তিকর তথ্য ছড়িয়ে সুনাম ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
গোপালগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাসের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতা যাচাই করে কলপুর গ্রামের আবেদ উকিল ও পবিত্র বিশ্বাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আবেদ উকিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পবিত্র বিশ্বাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- গোপালগঞ্জ
- ডিজিটাল নিরাপত্তা আইন
- যুবলীগ
