চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৭:৩১
চট্টগ্রাম বন্দরের সল্টগোলা এলাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ওসমান গনি (৩৫), নুর আলম (৩৫), মো. নোমান (২৫), রিফাত (২৪), রাকিব (১৮), এনায়েত (৩০) ও রাজীব দাশ (৩৫)।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে শ্রমিকরা ওয়ার্কশপের বাইরে রাস্তার ওপর ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। এসময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দগ্ধ সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা জানান, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ওয়ার্কশপে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল হামিদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হলে তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
