ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

অবশেষে কোটিপতি পিয়ন ইয়াছিনের আত্মসমর্পণ

অবশেষে কোটিপতি পিয়ন ইয়াছিনের আত্মসমর্পণ
×

গ্রেপ্তার ইয়াছিন মিয়া -সমকাল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে অডিট কার্যক্রম শুরু হওয়ার পর গা ঢাকা দেওয়া অফিসটির সেই কোটিপতি পিয়ন ইয়াছিন মিয়া অবশেষে আত্মসমর্পণ করেছেন। 

শুক্রবার ভোরে সংশ্লিষ্টদের চাপে তিনি সদর মডেল থানার সামনে গেলে পুলিশ গ্রেপ্তার করে। ইয়াছিন বাঞ্ছারামপুর উপজেলার আতুয়াকান্দি গ্রামের মোহন মিয়ার ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেজিস্ট্রার অফিসের বিভাগীয় পরিদর্শক নৃপেন্দ্র নাথ শিকদার সোনালী ব্যাংকের ভুয়া চালানের মাধ্যমে ৫ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইয়াছিন মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।

সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের একটি সূত্র জানায়, চট্টগ্রাম রেজিস্ট্রার অফিসের বিভাগীয় পরিদর্শক নৃপেন্দ্র নাথ শিকদার অডিট কার্যক্রম শুরু করার পর কোটি টাকার দুর্নীতি বেড়িয়ে আসতে থাকে। এর পরই অফিস থেকে গা ডাকা দেন পিয়ন ইয়াছিন মিয়া। তার দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদে পুলিশ ব্যাপক তথ্য পায়। তখনই ইয়াছিনের বিপুল ধন সম্পদের বিষয়টি বেরিয়ে আসে।

এ ব্যাপারে সদর উপজেলা সাব রেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদ জানান, ইয়াছিন মিয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসের নকল, তল্লাশী ও রেজিস্ট্রেশন ফিসহ বিভিন্ন সরকারি ফি ব্রাহ্মণবাড়িয়া সোনালী ব্যাংকের প্রধান শাখায় জমা দিতেন। ব্যাংকের চালান জালিয়াতি করে তিনি বিপুল টাকা আত্মসাত করেছেন।

সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদ শেষে ইয়াছিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, চট্টগ্রাম রেজিস্ট্রার অফিসের বিভাগীয় পরিদর্শক নৃপেন্দ্র নাথ শিকদারের অভিযোগটি আমরা দুদকে পাঠিয়ে দিয়েছি।

আরও পড়ুন

×