বাঘায় থানায় হাজির 'নিহত' শ্রমিক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:১৮ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩২
রাজশাহীর বাঘায় যাকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, সেই শ্রমিক আমিনুল ইসলামকে জীবিত পাওয়া গেছে।
শুক্রবার থানায় হাজির হয়ে আমিনুল জানিয়েছেন, 'তাকে কেউ হত্যা করেনি'।
গত ৩ ডিসেম্বর রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শ্রমিক আমিনুলকে হত্যার অভিযোগে মামলা করেন তার স্ত্রী জালেমা বেগম। মামলায় একই গ্রামের মৃত মফেল উদ্দিনের ছেলে লালু মিয়াকে আসামি করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে বাঘা থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। আমিনুল উপজেলার বলিহার গ্রামের গোলাম হোসেনের ছেলে।
সূত্র জানায়, স্ত্রীর ওপর রাগ করে ফরিদপুরে শ্রমিকের কাজে যান আমিনুল। পরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ এবং টাকা পাঠানো বন্ধ করে দেন তিনি। খোঁজখবর নিয়ে স্বামী আমিনুলের কাজে যাওয়ার কথা জানতে পারেন জালেমা খাতুন। লালু মিয়াই তাকে কাজে পাঠিয়েছে এমন ধারণা হয় তার। তাই স্বামীর খোঁজখবর না পেয়ে তাকে হত্যার অভিযোগে লালু মিয়ার বিরুদ্ধে মামলা করেন তিনি।
আমিনুল বলেন, কারণে-অকারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই দ্বন্দ্ব হয়। এতে স্ত্রীর দ্বারা নির্যাতিত হন তিনি। এ থেকে রক্ষা পেতে শ্রমিকের কাজে গিয়েছিলেন। পরে জানতে পারেন লালু মিয়ার সঙ্গে বন্ধুত্ব থাকায় তাকে আসামি করে হত্যা মামলা করেছেন স্ত্রী।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, তাকে কেউ হত্যা করেনি বলে আমিনুল নিজে থানায় এসে লিখিতভাবে জানিয়েছেন। স্ত্রীর সঙ্গে অভিমান করে শ্রমিকের কাজে গিয়েছিলেন তিনি। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- রাজশাহী
