ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

হত্যার পর বালু চাপা দিয়ে রাখা হয় শিশু দুর্জয়ের লাশ

হত্যার পর বালু চাপা দিয়ে রাখা হয় শিশু দুর্জয়ের লাশ
×

জাহিদ হাসান দুর্জয়

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৪ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৭

শিশু দুর্জয়ের নিথর দেহের প্রায় পুরোটাই বালুর স্তূপের নিচে। শুধু বের হয়ে আছে মুখের একাংশ। চতুর্থ শ্রেণিতে পড়ূয়া শিশুটিকে হত্যার পর লাশ এভাবেই বালুর নিচে চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধান পাওয়ার পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলায়।

জানা যায়, উপজেলার বিধায় গ্রামের আকতার হোসেনের ছেলে জাহিদ হাসান দুর্জয় বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে খেলতে যায়। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে এলাকায় মাইকিং করা হয়। গতকাল সকালে দুর্জয়ের দাদী কমলা খাতুন ও বাবা আকতার হোসেন খোঁজ করতে গিয়ে বাড়ির পাশে নির্মাণাধীন একটি কারখানার সীমানা প্রাচীরের ভেতর বালুর নিচে পুঁতে রাখা দুর্জয়ের মুখের একটা অংশ দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, বছরখানেক আগে দুর্জয়ের মা জাহাঙ্গীর আলম নামে একজনকে বিয়ে করে নতুন সংসার গড়েন। এরপর থেকে শিশু দুর্জয় তার বাবা ও দাদির কাছে থাকত। কিন্তু প্রায়ই মায়ের কাছে জাহাঙ্গীরের বাড়িতে যেত সে। এ বিষয়টি জাহাঙ্গীরের পরিবার সহ্য করতো না। এ নিয়ে বেশ কয়েকবার ঝগড়াও হয়েছে তাদের মধ্যে। এ ঘটনার জেরে হত্যাকাণ্ড ঘটেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শ্রীপুর থানার ওসি লিয়াতক আলী। তিনি বলেন, ওই দুই পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে।

শ্রীপুর থানার এসআই নয়ন ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×