সিরাজগঞ্জে তিনটি পলিটেকনিক ইনস্টিটিউটে ১৪৪ ধারা জারি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৪ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৫
সিরাজগঞ্জ সদর উপজেলায় পরীক্ষা চলাকালীন তিনটি পলিটেকনিক ইনস্টিটিউটসহ আশপাশের ২শ’ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে এবং পরীক্ষা চলাকালীন সুষ্ঠু পরিবেশ রক্ষায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
রোববার সকাল ৯টা থেকে ১৪৪ ধারা জারি শুরু হবে।
সকাল ১০টায় পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হওয়ার পর আরও অতিরিক্ত এক ঘণ্টা সময় পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে।
প্রতিষ্ঠান তিনটি হলো-সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ইনস্টিটিউট-অব-মেরিন টেকনোলজি।
রোববার থেকে শিক্ষার্থীদের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের সমাপনী পরীক্ষা শুরু হয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে।
১৪৪ ধারা জারির বিষয়টি শুধু পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
প্রসঙ্গত, সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ছাত্রলীগের দু’গ্রুপের সমর্থকদের মধ্যে গত বৃহস্পতিবার ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।