সিলেটে সেই মার্কেটকে দ্বিতীয় দফায় নোটিশ
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪০ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:১০
সিলেট নগরীর কাষ্টঘরের পাঁচতলা আল খাজা মার্কেটের স্বত্তাধিকারীকে আবারও নোটিশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন। প্রথম দফায় নোটিশের প্রায় ৫ মাস পরও মার্কেটের নকশা বহির্ভূত অংশ ও আন্ডারগ্রাউন্ডের গোদাম অপসারণ না করায় স্বত্তাধিকারী শায়েস্তা মিয়াকে নোটিশ দেওয়া হয়।
গত বুধবার সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত দ্বিতীয় দফায় নোটিশে তিনদিনের মধ্যে বিধি বহির্ভূত অংশ ও গোদাম অপসারণ করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে নোটিশে। তবে শনিবার বিকেল পর্যন্ত তিনি নোটিশ পাননি বলে দাবি করেন শায়েস্তা মিয়া। তিনি সমকালকে বলেন, প্রথম দফায় নোটিশ পাওয়ার পর তিনি মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তখনই ভবনের সব কাগজপত্র দেখানোর পর পুরো বিষয়টা শেষ হয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নিজের মালিকানাধীন আল খাজা মার্কেটে নকশা বহির্ভূত কোন অংশ নেই বলেও দাবি করেন শায়েস্তা মিয়া। এরপরও দ্বিতীয় দফায় কেন নোটিশ দেওয়া হয়েছে- এমন প্রশ্নে কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
গত ১ মে আল খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে রঙ ছাড়াও কেমিক্যালের গোদাম ছিল বলে অভিযোগ উঠে। এই মার্কেটের উপরের তিনতলায় অনেকগুলো পাশাপাশি থাকায় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা ছিল। অতীতেও এই মার্কেটে কয়েক দফা অগ্নিকাণ্ডের পর সিটি করপোরেশন মালিককে নোটিশ দেয়। সেই সময় সিটি করপোরেশনের তদন্তে অনুমোদিত নকশা বহির্ভূত অংশের প্রমাণ পাওয়া যায়। এই মার্কেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জেলা প্রশাসনকেও নির্দেশ দিয়েছিলেন।
আল খাজা মার্কেটে সর্বশেষ অগ্নিকাণ্ডের পর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কাষ্টঘর এলাকাবাসী মানববন্ধনও করেছিলেন। গত ২৭ জুলাই সমকাল-এ আল খাজা মার্কেট ও পার্শ্ববতী নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে 'আগুনে পুড়েও 'টিকে' আছে সেই দুটি ভবন' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
- বিষয় :
- দ্বিতীয় দফায় নোটিশ
- সিলেট
