ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

পেটের ব্যথা সইতে না পেরে 'আত্মহত্যা' এসএসসি পরীক্ষার্থীর

পেটের ব্যথা সইতে না পেরে 'আত্মহত্যা' এসএসসি পরীক্ষার্থীর
×

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৭:৫৮

শারীরিক অসুস্থতা সইতে না পেরে টাঙ্গাইলের ঘাটাইলে এক এসএসসি পরীক্ষার্থী শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল মারা যাওয়া কমলা আক্তার। তার বাবা প্রবাসী বাবা নূরুল ইসলাম। কমলা চার বোনের মধ্যে সবার ছোট ছিল। তার বড় তিন বোনের বিয়ে হয়ে গেছে।

পুলিশ ও কমলার স্বজনরা জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান কমলার মা আনোয়ারা। মা ছাগল চড়াতে যাওয়ার সময় কমলা বলে- পেটে ব্যথা পাচ্ছি শরীরে জ্বর জ্বর লাগছে। এজন্য বাড়ির বাইরের গেটে তালা লাগিয়ে যেতে বলে সে।

স্বজনরা জানান, বাড়ি ফাঁকা পেয়ে ঘরের বাড়ান্দায় দাঁড়িয়ে সারা শরীরে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় কমলা। পরে তার চিৎকারে পাশের বাড়ির লোকজন টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে তার সারা শরীর আগুনে পুড়ে যেতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কমলার ফুফাত ভাই ইব্রাহিম জানান, শারীরিকভাবে দীর্ঘদিন যাবত কমলা অসুস্থ ছিল। পেটের ব্যথা ও হাতের ব্যথায় প্রায় সময়ই কাতরাতো। তার বাবা সৌদি প্রবাসী নূরুল ইসলাম প্রায় চারমাস ধরে কোনও টাকা পরিবারকে দেননি। ফলে অভাবের সংসারে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি তার মা আনোয়ারা বেগম। পেটে এবং হাতের ব্যথা সহ্য করতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে কমলা।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, কমলা কি কারণে গায়ে কেরোসিন দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে তা সঠিক করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আমির খসরু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে সে আত্মহননের পথ বেছে নিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×