বাবার চিকিৎসায় চ্যারিটি শো 'বাবা ফিরবেই'
চ্যারিটি শো'র একটি দৃশ্য- সমকাল
কুবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৯:১৮ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ১০:২১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ঊর্মি আচার্য্য। তার বাবা নারায়ণ আচার্য্য দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছেন। অভাবের সংসার, লিভার পরিবর্তন করার মতো টাকা নেই। কিন্তু দমে যাননি ঊর্মি। নিজের লিভারের একটি দিচ্ছেন বাবাকে। কিন্তু লিভার প্রতিস্থ্থাপনে খরচ হবে প্রায় ৩০ লাখ টাকা। এ টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে মেয়েকে। তার এ সংগ্রামে পাশে এসে দাঁড়িয়েছে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে চ্যারিটি শো 'বাবা ফিরবেই' অনুষ্ঠানটি আয়োজন করে সংগঠনটি। চ্যারিটি শোতে বাবার জন্য একশত টাকা করে তিন শতাধিক টিকিট বিক্রি করা হয়।
সিয়াম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল প্ল্যাটফর্ম। থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় মঞ্চস্থ করে হুমায়ূন আহমেদের নাটক '১৯৭১'। এটি থিয়েটারের নবম প্রযোজনার প্রথম পরিবেশনা। থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত এ চ্যারিটি শো থেকে প্রায় ৩০ হাজার টাকা আয় হয়েছে। আয়ের পুরো অংশ ঊর্মি আচার্যের বাবা নারায়ণ আচার্যের চিকিৎসার জন্য ব্যয় হবে।
চ্যারিটি শো প্রসঙ্গে থিয়েটারের সভাপতি নাজমুল ফাহাদ বলেন, সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকে সবসময়। সে থেকেই এ আয়োজন করা।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত নারায়ণকে চূড়ান্ত চিকিৎসা হিসেবে লিভার প্রতিস্থাপনের কথা জানান চিকিৎসকরা। বাংলাদেশে লিভার প্রতিস্থাপনে ঝুঁকি হওয়ায় ভারতে নিতে চান তার পরিবার। প্রতিস্থাপন ও পরবর্তী দুই বছরের চিকিৎসাসহ প্রায় ৩০ লাখ টাকা লাগবে।
ঊর্মি আচার্য্য বলেন, 'যুদ্ধটা এতদিন আমরা পারিবারিকভাবেই করে আসার চেষ্টা করছিলাম। কিন্তু শেষ পর্যায়ে এসে এত টাকা আমরা সংগ্রহ করতে পারছি না।'
নারায়ণ আচার্য্যের চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে পারেন বিকাশ বা ব্যাংক হিসাবে। বিকাশ (পার্সোনাল)- ০১৭০৩৫১৯৯৭৭, ডাচ্-বাংলা ব্যাংক হিসাব নম্বর- ১৯৪১০১৪১৩২৩ (ঊর্মি রানী আচার্য্য)।
- বিষয় :
- চিকিৎসা
- বাবা
- চ্যারিটি শো
- বাবা ফিরবেই
