ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

সৌদি থেকে মেয়েকে ফিরে পেতে মায়ের আহাজারি

সৌদি থেকে মেয়েকে ফিরে পেতে মায়ের আহাজারি
×

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ১০:০৯

সুনামগঞ্জের জগন্নাথপুরের এক কিশোরী গৃহকর্মীকে সৌদি আরবে আটকে রেখে অমানবিক নির্যাতন করা হচ্ছে। শনিবার জগন্নাথপুর থানায় কিশোরী মেয়েটির মা এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, জগন্নাথপুর পৌরসভা এলাকার ওই কিশোরীকে (১৫) একই এলাকার তারিফ উল্লার ছেলে স্থানীয় দালাল লিলু মিয়ার প্ররোচনায় চলতি বছরের ১০ মার্চ সৌদি আরবে পাঠায়। রিয়াদের সেমি এলাকায় কিশোরীকে একটি কক্ষে আটকে রেখে যৌন নির্যাতনসহ বিভিন্ন অমানবিক নির্যাতন করা হচ্ছে। তাকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ১৫ দিন আগে সৌদি থেকে নির্যাতনের শিকার মেয়েটি মোবাইল ফোনে তার মাকে জানায়, সে খুবই বিপদে আছে, তাকে কোনো ধরনের বেতন-ভাতা দেওয়া হয় না। তাকে যেন দালালের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

মেয়েটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েকে মেরে ফেলছে ওরা। সে কেঁদে কেঁদে আমাকে সব বলেছে।

এ ঘটনার পর মেয়েটির মা গত ২ ডিসেম্বর দালাল লিলু মিয়াকে বিষয়টি জানিয়ে তার মেয়েকে দেশে ফিরিয়ে আনতে বললে লিলু মিয়া উত্তেজিত হয়ে মেয়ের মাকে বলে, তোমার মেয়েকে বিদেশ পাঠাতে আমার ২৫ হাজার টাকা খরচ হয়েছে। এই টাকা আমাকে না দিলে মেয়েকে আর তুমি পাবে না। বিদেশে তাকে আরও বেশি নির্যাতন করা হবে। অবশেষে নিরুপায় মেয়ের মা জগন্নাথপুর থানায় অভিযোগ করেছেন।

মেয়েটি মা বলেন, দালালের ফাঁদে পড়ে আমার মেয়ে সৌদিতে যায়। তারা এখন আমার কথা শুনছে না। আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আমার মেয়েকে ফিরে পেতে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চাই।

অভিযুক্ত লিলু মিয়ার সঙ্গে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নবগোপাল দাস বলেন, অভিযোগের আলোকে আমরা তদন্ত করব।

আরও পড়ুন

×