গৃহবধূর চুল কেটে বাড়ি থেকে বের করে দিলেন স্বামী
পার্বতীপুরে যৌতুকের দাবীতে স্ত্রীর চুল কেটে নির্যাতন। ছবি: সমকাল
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২১ | ০৭:৫২ | আপডেট: ২৩ মে ২০২১ | ০৮:২৫
দিনাজপুরের পার্বতীপুরে এক গৃহবধূর মাথার চুল কেটে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার স্বামী। যৌতুকের টাকা না পেয়ে তাকে শারীরিক নির্যাতনও করা হয়েছে। শনিবার উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামের এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
অভিযোগ সূত্রে জানা যায়, শিমুলিয়াপাড়ার রুহুল আমিনের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় রংপুরের বদরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর মাশান ডোবা গ্রামের সুরমা আক্তার স্মৃতির। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্মৃতির ওপর অমানুষিক নির্যাতন চালাত স্বামী রুহুল। শনিবারও স্ত্রীকে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনতে বলে রুহুল। এ সময় টাকা আনতে অপরাগতা প্রকাশ করায় স্মৃতির ওপর ক্ষিপ্ত হয়ে রুহুল ও তার পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন চালায়। পরে তার মাথার চুল কেটে দিয়ে দু'বছরের সন্তানকে কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
স্মৃতি অভিযোগ করেন, তার কোলের সন্তান কেড়ে নিয়ে তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তিনি এ ঘটনায় সুবিচার চেয়েছেন।
অভিযুক্ত রুহুলের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে স্মৃতিকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। তাকে উদ্ধার করে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। অভিযুক্ত রুহুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।