রোহিঙ্গা ক্যাম্পে 'ডাকাতদের গোলাগুলিতে' নিহত ১
রোহিঙ্গা ক্যাম্পের ফাইল ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ১১:১২ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ১৫:৫৭
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 'দুই ডাকাত দলের' মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত নয়াপাড়ার ক্যাম্পের এইচ বক্লে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষণকিতার নিহতের নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোলাগুলিতে আহতরা হলেন- শামসুল আলম ও মোহাম্মদ ফয়সাল। দুইজনই একই ক্যাম্পের বাসিন্দা।
টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ বাবুল সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম এখনও শনাক্ত করা যায়নি।’
তিনি বলেন, ‘এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশংজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের অভিযান চলছে।’
নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোস্তফা কামাল বলেন, 'দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। তার নাম পাওয়া যায়নি। এ ঘটনায় ক্যাম্পের লোকজন আতংকের মধ্যে রয়েছেন।’
- বিষয় :
- রোহিঙ্গা ক্যাম্প
- টেকনাফ
