টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০০:৫২ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৪:৪০
গাজীপুরের টঙ্গীতে সেলিম ওরফে কালা সেলিম (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার ভোরে চাঁনকিরটেক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সেলিম বিক্রমপুর জেলার টংগিবাড়ী উপজেলার বেশনাল গ্রামের আবুল কাশেমের ছেলে।
এলাকাবাসী জানায়, ওই এলাকার বাসিন্দা মো. ইব্রাহিমের বাড়িতে চুরি করতে যায় সেলিম। এ সময় ইব্রাহিমের ছোট ভাই তাকে দেখে চিৎকার করতে থাকে। পরে এলাকাবাসী সেলিমকে ধরে হাত-পা বেঁধে দুই থেকে তিন ঘণ্টা বাঁশ ও রড দিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৮টায় লাশ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায়। সেলিম এরশাদনগর ৪নং ব্লকে বসবাস করত বলে জানায় এলাকাবাসী।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, চুরি করতে গিয়ে জনতার হাতে পিটুনি খেয়ে তার মৃত্যু হয়। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- টঙ্গী
- পিটিয়ে হত্যা
