দুর্নীতি না করার শপথ নিলেন তারা
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা- সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৬ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৪:৪৩
মাদক, দুর্নীতি, অনৈতিক সম্পর্ককে না বলার শপথ নিয়েছেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর তাড়াশ জোনাল অফিসের ৭৫ কর্মকর্তা-কর্মচারী।
রোববার সকালে সিরাজগঞ্জের তাড়াশ জোনাল অফিস চত্বরে ওই শপথবাক্য পাঠ করান পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফ উদ্দিন খান।
জানা গেছে, বর্তমানে শতভাগ বিদ্যুতায়িত তাড়াশ উপজেলায় আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। এ ছাড়া মুজিববর্ষকে সামনে রেখে উন্নত গ্রাহক সেবা দিতে প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট বিভাগ এবং এ কার্যক্রম চলমান।
পল্লী বিদ্যুৎ সমিতির সব কাজে দুর্নীতিকে শূন্যের কোঠায় আনতে শপথ নেন তারা। এ ছাড়া অবৈধ উপার্জন ও অনৈতিক সম্পর্ককে না বলার মধ্য দিয়ে কল্যাণকর শক্তিশালী পল্লী বিদ্যুৎ সমিতি গড়ে তুলতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ওই অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সমস্বরে শপথবাক্য পাঠ করেন।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ছোলাইমান মিঞা বলেন, ‘মুজিববর্ষে ডিআইই অর্থাৎ মাদক, দুর্নীতি ও অনৈতিক সম্পর্ককে না বলতে আমরা শপথ নিয়েছি। এ ছাড়া ব্যক্তিগত অবস্থান থেকে মাদক, দুর্নীতি ও অনৈতিক সম্পর্ক রুখে দিতে মানুষকে সোচ্চার করব এটা আমাদের দায়িত্বও বটে।’
