মাদারীপুর থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ গোপালগঞ্জে উদ্ধার
নিহতের স্বজনদের আহাজারি -সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৩:১৯
মাদারীপুর থেকে নিখোঁজের পরদিন ব্যবসায়ী রঞ্জন বালার (৩৮) লাশ গোপালগঞ্জের মুকসুদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় মাঠ থেকে সিন্ধিয়াঘাট ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত রঞ্জন বালা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার উল্লাবাড়ি গ্রামের মৃত রনজিৎ বালার ছেলে। তিনি গ্রিন লিপটি চা কোম্পানির ডিলার ছিলেন।
নিহত রঞ্জন বালার স্ত্রী সুর্বনা বালা বলেন, শনিবার রাত ৮টার দিকে স্বামীর সঙ্গে আমার মোবাইলে শেষ কথা হয়। সে বলে আজ আমি বাড়িতে আসবো না। এরপর আর কথা হয়নি। কেউ আমার স্বামীকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, এলাকাবাসী রোববার সকালে ওই স্থানে রঞ্জন বালার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লাশের পাশে ইউনিসেফ লেখা যৌন উত্তেজক ওষুধের বোতল ও কনডম পাওয়া গেছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- মাদারীপুর
- গোপালগঞ্জ
- লাশ উদ্ধার
