ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সাক্ষ্য দিতে নেদারল্যান্ডস গেছে রোহিঙ্গা প্রতিনিধি দল

সাক্ষ্য দিতে নেদারল্যান্ডস গেছে রোহিঙ্গা প্রতিনিধি দল
×

ফাইল ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৪ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৭:৩৩

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার ঘটনায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) করা মামলায় সাক্ষ্য দিতে নেদারল্যান্ডস গেছে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল।

শনিবার সকালে কক্সবাজারের উখিয়া থেকে দু’জন নারীসহ তিন জনের প্রতিনিধি দলটি নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়। ভিকটিম হিসেবে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে তারা সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। শুনানি পর্যবেক্ষণে বাংলাদেশের একটি প্রতিনিধি দলও উপস্থিত থাকবে।

রোববার দুপুরে সমকালকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা কক্সবাজারের আশ্রিত শিবির থেকে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল নেদারল্যান্ডস যাওয়ার কথা। তারা এরইমধ্যে রওনা দিয়েছেন। তবে কীভাবে গেছেন তা জানি না।’

রোহিঙ্গা নেতারা বলছেন, রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। এটি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সু-খবর। রোহিঙ্গা নেতা মোহাম্মদ আলম বলেন, ‘রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল আইসিজে আদালতে অংশ নিতে নেদারল্যান্ডস গেছে বলে শুনেছি। তবে কারা গেছে সে বিষয়ে আমার জানা নেই।’ 

এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মাহবুব আলম তালুকদার।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে একটি মামলা করে। গাম্বিয়াও গণহত্যা সনদে স্বাক্ষরকারী দেশ। এদিকে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর অল্প সময়ের মধ্যে রাখাইন ছেড়ে বাংলাদেশে আসে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। আগে থেকে এদেশে অবস্থান করছিলেন আরও চার লাখ রোহিঙ্গা। 

আরও পড়ুন

×