মানুষের দ্বারে দ্বারে গিয়ে অভিযোগ শুনবেন ওসি
আবাইপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওসি বজলুর রহমান- সমকাল
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৭:২৮ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৭:৩৬
পুলিশকে জনগণের বন্ধু বলা হলেও পুলিশের কাছে গিয়ে কিছু জানতে বা সেবা নিতে সাধারণ মানুষের মধ্যে জড়তা দেখা যায়। তবে এবার সাধারণ জনগণের এই জড়তা দূর করতে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছেন ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) বজলুর রহমান।
‘আপনার ওসি আপনার আঙ্গিনায়, অভিযোগ করুন আইনী সেবা নিন’ এমন একটি ব্যানারে ওসি সপ্তাহে অন্তত দুইদিন সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের অভিযোগ শোনার এবং আইনী সহায়তা দেওয়ার পদক্ষেপ নিয়েছেন।
এরই প্রেক্ষিতে রোববার দুপুরে উপজেলার ১১নং আবাইপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাধারণ মানুষের অভিযোগ শুনতে ব্যানার টাঙিয়ে আইনী সেবা দিতে বসেন ওসি বজলুর রহমান।
শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, আমাদের ওসি স্যার জনসাধারণের কল্যাণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি সপ্তাহে অন্তত দুইদিন বিভিন্ন এলাকায় গিয়ে সরাসরি সাধারণ মানুষের অভিযোগ শুনবেন। অনেক ভুক্তভোগী আছেন যারা দালালের খপ্পরে পড়ে থানায় আসতে পারে না। এছাড়া অনেকের মধ্যে জড়তা রয়েছে পুলিশের কাছে যেতে। তাই প্রত্যন্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের অভিযোগ শুনে তাদের সেব দিতে এমন উদ্যোগ নিয়েছেন বজলুর স্যার। মানুষের দারে দারে গিয়ে সেবা প্রদানের এ ধারা অব্যাহত বলেও জানান তিনি।
