খোকসায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৮
আহত খুশি -সমকাল
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৩:১০
ধানের ময়লা পরিষ্কারের সময় প্রতিবেশীর বাড়িতে ধুলা যাওয়াকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলায় এক পরিবারের স্বামী, স্ত্রী, ছেলে ও মেয়েসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষেরও ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কামড় দিয়ে এক গৃহবধূর চোয়ালের মাংস ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে খোকসা উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের কৃষক মোজাম্মেল আলী পরিবারের সঙ্গে প্রতিবেশী রমজান আলীর পরিবারের সদস্যদের এই সংঘর্ষ হয়।
আহত ও প্রত্যক্ষদশীরা জানায়, কৃষক মোজ্জামেল আলীর স্ত্রী বাড়ির আঙিনায় বাতাস দিয়ে আমন ধানের ময়লা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী রমজান আলী বাড়িতে ধুলাবালি যাওয়ায় দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন।
আহতরা হলেন- মোজাম্মেল আলী প্রামানিক, তার স্ত্রী রহিমা, কলেজ পড়ুয়া ছেলে আলামীন, রফিকুল ইসলাম, মারুফ, খুশি, রমজান আলী, মালেকা খাতুন ও আলম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত কৃষক মোজাম্মেল আলীর ছেলে ও রাজবাড়ী সরকারি কলেজের সম্মান শ্রেণির ছাত্র আলামীন জানান, রমজান আলীর লোকজন রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তিনবার হামলা চালিয়ে তাদের পরিবারের লোকদের মারপিট করেছে। হামলাকারীদের হাত থেকে তার অন্তঃসত্বা ছোট বোনও বাদ পরেনি। প্রতিপক্ষের লোকেরা কামড় দিয়ে তার বোন খুশির চোয়ালের মাংস কেটে নিয়েছে।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন রমজান আলী কোন কিছু বলতে রাজি হননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার জাহিদ হাসান জানান, আহতদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আর কামড়ে খুশির চোয়ালের মাংস ছিঁড়ে ফেলা হয়েছে।
খোকসা থানার এসআই আব্দুর রহমান জানান, খবর পেয়ে তিনি আগে আহতদের দেখতে হাসপাতালে এসেছেন। পরে তিনি ঘটনাস্থল ঘুরে বিস্তারিত জানাবেন।
- বিষয় :
- কুষ্টিয়া
- দু’পক্ষের সংঘর্ষ
