ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

যথাযথ মর্যাদায় রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন

যথাযথ মর্যাদায় রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন
×

রাজশাহী মহানগর আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা- সমকাল

রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৩

যথাযথ মর্যাদায় রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীরর বিভিন্ন এলাকা ঘুরে ফের সেখানে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ।

এর আগে কুমারপাড়াস্থ স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, অন্যান্য রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার সকাল ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকাল সাড়ে ৭টায় ফের বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করে প্রশাসন। উভয় কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, রাজনৈতিক, ছাত্র সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।

অপরদিকে দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক সেলিম হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীরা।

আরও পড়ুন

×