সৌদির বিপক্ষেও শুরুতে থাকছেন না ইয়ামাল
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৪:৫২
তিনি স্পেনের অন্যতম প্রধান ভরসা। তবে ফুটবল বিশ্বকাপের মঞ্চে কাঙ্ক্ষিত সেই ছন্দে দেখা যাচ্ছে না বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এখনো শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফলে রোববার সৌদি আরবের বিপক্ষেও তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা খুবই কম।
কেপ ভার্দের বিপক্ষে লা রোহাদের প্রথম ম্যাচেও ইনজুরির কারণে শুরুর একাদশে ছিলেন না ইয়ামাল। বদলি হিসেবে ম্যাচের ৭১ মিনিটে যখন তিনি মাঠে নামেন, ততক্ষণে স্পেনের কপালে জুটেছে গোলশূন্য ড্রয়ের এক হতাশাজনক ফল।
সৌদি আরব ম্যাচের আগে নিজের ফিটনেস নিয়ে স্প্যানিশ নেটওয়ার্ক ‘আরটিভিই’কে ইয়ামাল বলেন, ‘আমি ভালো আছি, কোনো সমস্যা নেই। তবে এখনই পুরোদমে মাঠে নামার জন্য একটু জলদি হয়ে যায়। এই মুহূর্তে অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নেওয়ার মানে হয় না। আমি মাত্র চোট কাটিয়ে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, তাই পুরো ৯০ মিনিট খেলার মতো সময় এখনও আসেনি। তবে কোচ আমাকে যত মিনিটের জন্য মাঠে চাইবেন, আমি খেলব।’
আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে খেলার পর স্প্যানিশ দল চলে যাবে গুয়াদালাহারায়। যেখানে গ্রুপ ‘এইচ’এর সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে তাদের প্রতিপক্ষ লাতিন পরাশক্তি উরুগুয়ে। নকআউট পর্বের ভাগ্য নির্ধারণে ওই ম্যাচটি স্পেনের জন্য মহাগুরুত্বপূর্ণ। আর তাই উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ইয়ামালকে যেন সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যায়, সেজন্যই কোচ লুইস দে লা ফুয়েন্তে সৌদি ম্যাচে এই তরুণ তুর্কিকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চান না।
দলের আরেক উইঙ্গার নিকো উইলিয়ামসও ইনজুরি নিয়ে বিশ্বকাপে এসেছিলেন। তবে তার অবস্থা ইয়ামালের চেয়ে ভালো বলে জানান এই বার্সা তারকা, ‘শারীরিকভাবে নিকো আমার চেয়ে ভালো অবস্থায় আছে। আমরা তাড়াহুড়ো করছি না। আমাদের দলে বিশ্বমানের অনেক ফুটবলার আছেন, তাই আমরা ধাপে ধাপে এগোতে চাই।’
মাত্র ১৮ বছর বয়সেই ইউরো জয় এবং সদ্য সমাপ্ত মৌসুমে বার্সেলোনাকে লা লিগা জেতানো ইয়ামাল এবারের বিশ্বকাপের অন্যতম বড় পোস্টার বয়। যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বিশ্বজুড়ে এই তুমুল জনপ্রিয়তা নিয়ে ইয়ামাল বলেন, ‘আমি বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই নিই, কারণ এটি আমার অভ্যাসে পরিণত হয়েছে। স্পেনের ভেতরে ও বাইরে আমার দায়িত্ব কতটা, তা আমি জানি। ভক্তরা মাঠে আমার খেলা দেখতে চান, তাই আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এত বড় ভবনে আমার ছবি থাকার মানে হলো, আমি মাঠে এমন কিছু করতে পারি যা মানুষ দেখতে পছন্দ করে।’
- বিষয় :
- লামিন ইয়ামাল
- স্পেন
- বিশ্বকাপ ফুটবল
