হকি ও আবাহনীর প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আর নেই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৩:২৫ | আপডেট: ২০ জুন ২০২৬ | ১৩:৩২
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি, জাতীয় হকি দল এবং দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর প্রথম ফুটবল অধিনায়ক আব্দুস সাদেক আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে আব্দুস সাদেক এক স্বর্ণালি অধ্যায়ের নাম। স্বাধীনতার আগে পাকিস্তান জাতীয় হকি দলের প্রতিনিধিত্ব করা এই তারকা দেশ স্বাধীনের পর বাংলাদেশের প্রথম হকি অধিনায়ক হিসেবে ইতিহাসে নিজের নাম লেখান। তার নেতৃত্বেই ১৯৭৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দল আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রথম বড় কোনো আসরে অংশ নেয়।
হকির পাশাপাশি ফুটবলেও সমান দাপট দেখিয়েছেন তিনি। ১৯৭২ সালে গঠিত দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন এই গুণী ক্রীড়াবিদ। সত্তর ও আশির দশকে একই সঙ্গে ফুটবল ও হকি দুই অঙ্গনেই মাঠ কাঁপান তিনি। আব্দুস সাদেককে দেশের ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’এ ভূষিত করা হয়। খেলোয়াড়ি জীবন শেষে একজন দক্ষ সংগঠক ও প্রশাসক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আব্দুস সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, ‘আব্দুস সাদেকের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক অনন্য অভিভাবক ও প্রকৃত কিংবদন্তিকে হারাল। স্বাধীন বাংলাদেশের প্রথম হকি অধিনায়ক এবং আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক হিসেবে দেশের ক্রীড়া ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
জানা গেছে, আজ শনিবার বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
