ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩০

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে অপহরণ কিংবা হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু করা হয়েছিল। ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিজিয়েন’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফুটবলার, র‍্যাপার ও ধনী ব্যবসায়ীদের লক্ষ্য করে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করা একটি নেটওয়ার্কের তালিকায় ছিল এমবাপ্পের নাম।

প্রতিবেদন অনুযায়ী, এই অপরাধচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ বছর বয়সী এক ফরাসি-সুইস তরুণ বর্তমানে কারাগারে বন্দি। ক্লিমেন্ট এল নামের ওই তরুণ সশস্ত্র ডাকাতি ও মানবপাচারের অভিযোগে ভিলপেন্টের কারাগারে সাজা ভোগ করছেন।

তদন্তকারীদের দাবি, কারাগারে বসেই ‘লেস্টার জেড’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন ক্লিমেন্ট। গত এপ্রিলে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথিত এই নেটওয়ার্কের সন্ধান পায়।

তদন্তের অংশ হিসেবে জব্দ করা কয়েকটি ফোনে সম্ভাব্য লক্ষ্যবস্তুদের ঠিকানা ও ব্যক্তিগত তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সেই তালিকায় গায়ক, ফুটবলার, গহনা ব্যবসায়ী ও বিভিন্ন খাতের ধনী ব্যক্তিদের নাম ছিল। তালিকায় প্যারিসের এক চীনা পাইকারি ব্যবসায়ী, একজন গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়াজ এলাকার এক তুর্কি মাংস ব্যবসায়ীর নামও পাওয়া গেছে।

তবে তালিকার সবচেয়ে আলোচিত নাম এমবাপ্পে। ‘লা পারিজিয়েন’ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সন্দেহভাজন ওই তরুণ এমবাপ্পেসহ একজন র‍্যাপারকে লক্ষ্য করার পরিকল্পনা করেছিলেন। তদন্তে এমবাপ্পের নাম সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উঠে এসেছে মাত্র। তার সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততারও তথ্য মেলেনি।

আরও পড়ুন

×