২০২৫ সালের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১৩
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ২০২৫ সালের চেয়ে বর্তমানে খুন, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন, অস্ত্র-সংক্রান্ত প্রধান অপরাধের সংখ্যা কমেছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। পুলিশ সদরদপ্তরসহ জেলা পর্যায় থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী দেশের অপরাধচিত্র আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে রয়েছে। তবে জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে আরও সময় লাগবে; বর্তমান পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট।
ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়া নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় তিনি সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুলিশের দ্রুত তৎপরতার উদাহরণ টানেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুণ্ঠিত মালপত্র জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর ও তাৎক্ষণিক অভিযানের কারণে দেশজুড়ে ছিনতাইয়ের প্রবণতা কমছে। সামনে আরও কমবে।
পুলিশ সদরদপ্তরের তথ্যের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা অপরাধ বাড়ার বিষয়টি ‘স্বীকার’ করেছেন, সেই পরিসংখ্যানের কাগজও তিনি সাংবাদিকদের দিয়েছেন। এক সাংবাদিক এ প্রশ্ন তুললে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই কাগজটা আমাদের দেন, তথ্যটা আমরা একটু যাচাই করে দেখি। আমাদের সূত্র এটা নয়। এখানে কন্ট্রাডিকশন নিয়ে আসবেন না। অন্য একজন উপদেষ্টা কী বলেছেন, সে তথ্য আমার সামনে নেই। আমি কথা বলব ডেটাভিত্তিক, প্রমাণভিত্তিক, আমাদের পুলিশের রেকর্ডভিত্তিক। সেই তথ্যটা আপনারা যাচাই করতে পারবেন, কোনো জেলার চিত্রে যদি ভুল থাকে, সেটা নিয়ে আপনারা কথা বলতে পারবেন।
মন্ত্রী বলেন, আপনারা পুলিশ হেডকোয়ার্টার্সে যেতে পারেন, দেখতে পারেন এবং সেটা জেলা থেকে কীভাবে এসেছে, ওখানে কোনো ভুল তথ্য আছে কিনা, সেটা আপনারা ধরতে পারেন। কে কোথায় পত্রিকান্তরে কী প্রকাশ করল, সেটা নিয়ে আমি কথা বলতে রাজি না।