ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রাতে স্বামীর সাথে ঝগড়া, ভোরে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

রাতে স্বামীর সাথে ঝগড়া, ভোরে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ
×

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৫:২১

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নে স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে রিমা আক্তার (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াজউদ্দিন মুন্সিরডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিমা আক্তার ওই এলাকার শাহেদ আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রিমার শ্বশুর জহির উদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তাকে দেখাশোনা ও সেবাযত্ন করা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ ও ঝগড়া হতো।শুক্রবার সন্ধ্যায় শ্বশুরের দেখভালকে কেন্দ্র করে রিমা আক্তার ও তার স্বামী শাহেদ আলীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন।

পুলিশের প্রাথমিক ধারণা, শনিবার ভোরে স্বামী ঘরের বাইরে গেলে ওই সময় রিমা আক্তার ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। কিছুক্ষণ পর তার মেয়ে সাবিহা (৯) মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাঁকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×