আমবাগানে মিলল কৃষকের মরদেহ
বাঘা(রাজশাহী)প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১ | ০৩:৫৩ | আপডেট: ০৬ অক্টোবর ২০২১ | ০৩:৫৩
রাজশাহীর বাঘায় জিন্নাত আলী ( ৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টায় নিজ গ্রাম থেকে আধা কিলোমিটার দূরের এক আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার সকালে ময়না তদন্তের জন্য তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মারা যাওয়া জিন্নাত আলী বাঘা উপজেলার আরিফপুর গ্রামের মৃত আরজান আলীর ছেলে।
পুলিশ জানায়, জিন্নাত আলীর বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আব্দুল জব্বারের আমবাগানে তাকে পড়ে থাকতে থাকেন স্থানীয়রা। পরে জিন্নাতের পরিবারের লোকজন খবর পেয়ে রাত ৯টার দিকে সেখান তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিন্নাতকে মৃত ঘোষনা করেন। জিন্নাতের মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় ওইদিন রাত ১টায় মরদেহ থানায় নিয়ে গেলে ময়না তদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে । জিন্নাত আলীর বড়ভাই দুলাল হোসেন জানান,তার ভাই আগে থেকে নেশায় আসক্ত ছিল। ওইদিন রাতে মদপান করে বাগানে তার ভাই পড়ে আছে বলে তারা খবর পান। পরে তারা ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিন্নাতকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, যেহেতু মরদেহ বাগানে পড়ে ছিল তাই মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ওই কৃষকের শরীরে কোন জখমের চিহ্ন ছিল না বলেও জানান তিনি।
