ইউপিতে উপনির্বাচন
গজারিয়ায় তিন প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৮
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ১২:০৭ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ১৩:১৯
মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের প্রাক্কালে তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ১৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিপক্ষের প্রার্থীর পোস্টার ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রার্থীরা সবাই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তাদের একজন দলীয় মনোনয়ন পেলেও বাকি দু'জন বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন। সংঘর্ষের সময় দেশি ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তিন পক্ষই। এ সময় বেশকিছু বাড়িঘর ও দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি স্থানে এসব সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সোমবার এ ইউপিতে উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে।
স্বতন্ত্র প্রার্থী মমিন আলী দাবি করেন, সংঘর্ষের সময় একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে নৌকা প্রতীকের সমর্থকরা। ত্রিমুখী সংঘর্ষে আওয়ামী লীগঘেঁষা স্বতন্ত্র প্রার্থী আক্তার হাজীর মোটরসাইকেল প্রতীকের সমর্থক রমজান (২৭), আবদুর রব (৯৫) ও জামাল (১৭) গুলিবিদ্ধ হয় বলে দাবি করেছেন তাদের স্বজনরা।
স্থানীয় সেলিনা আক্তার জানান, আওয়ামী লীগ সমর্থকরা শটগান, দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তাদের ঘর ও দোকান ভাঙচুর করে। এ সময় চার-পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক মিঠু (নৌকা প্রতীক) জানান, মমিন আলী গ্রুপের নিক্ষেপ করা টেঁটায় বিদ্ধ হয়ে তার সমর্থক রূপন (৩২) গুরুতর আহত হয়েছেন।
তিনি বলেন, হোসেন্দী বাজারে আনারস প্রতীকের সমর্থকরা নৌকা প্রতীকের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার কারণেই এ সংঘর্ষের সূত্রপাত। দ্বিতীয় দফা হামলায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাজী আক্তার হোসেনের সমর্থকরা গুলি চালালে সংঘর্ষ হয়। এ সময় শটগানের গুলিতে জাকির (২৮), মেহেদী (৩২) ও সাইফুল (২৩) আহত হন। আহতদের গজারিয়া ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- উপনির্বাচন
